টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
মোঃ ইব্রাহিম মিয়া;জেলা প্রতিনিধি-টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবার মানোন্নয়ন এবং রেকর্ডসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের জন্য ওসি মামুন এ সম্মাননা পান।
একই সভায় হত্যা মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলামকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এই স্বীকৃতি তাকে জনগণের সেবায় আরও উৎসাহিত করবে। উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ৮ ডিসেম্বর মির্জাপুর থানায় যোগদান করেন।







