
চিফ রিপোর্টার:ঢাকা, ১০.০২.২০২৬ খ্রি.
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম মৌজায় বালু ও শীতলক্ষ্যা নদীর মোহনাস্থ চনপাড়ায় আজ (১০ ফেব্রুয়ারি) সকালে পরিবেশবান্ধব শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্কের উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়িত এই উন্নয়ন কার্যক্রমের আওতায় নদীভাঙন রোধে ব্যাংক প্রটেকশন ও কী-ওয়াল নির্মাণসহ প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হয়। পরবর্তীতে এলাকাটিকে জনবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে বিআইডব্লিউটিএ নিজস্ব অর্থায়নে ইকোপার্কের নির্ধারিত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “নদী আমাদের জীবন ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। নদী তীর সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে জনগণের জন্য নিরাপদ ও মনোরম বিনোদনস্থল সৃষ্টি করা যায়। চনপাড়ার এই ইকোপার্ক তার একটি বাস্তব উদাহরণ।”
তিনি আরও বলেন, “নদী বন্দর এলাকার উন্নয়নকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, পরিবেশ ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতেও দেশের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।”
নৌপরিবহন উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই ইকোপার্ক শহরের উপকন্ঠে স্হাপিত হওয়ায় স্থানীয় জনগণের অবকাশ যাপন ও বিনোদনের পাশাপাশি নদী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উক্ত স্থান পরিত্যক্ত থাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার বিষয়টি নৌপরিবহন উপদেষ্টার দৃষ্টিগোচড় হলে তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে ইকোপার্ক নির্মাণের নির্দেশ প্রদান করেছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








