মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী:
ইব্রাহিম মিয়া , টাঙ্গাইল,জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, তিনি দলীয় মনোনয়নে নির্বাচিত হলেও এখন পুরো এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মির্জাপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তবে এখন আমি সবার। আমার কাজে কোনো ভুল দেখলে আপনারা আমাকে থামিয়ে দেবেন, সংশোধনের সুযোগ দেবেন।”
রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তি সম্পর্ক ও গণতান্ত্রিক চর্চা অটুট থাকা উচিত। ইফতার মাহফিলে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুলাহ তালুকদার-এর উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচনে তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আজ আমরা একসঙ্গে বসে ইফতার করছি। এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই গণতান্ত্রিক সংস্কৃতি।”
অনুষ্ঠানে মির্জাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে মির্জাপুরে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সকলের অংশগ্রহণে একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে।







