
চিফ রিপোর্টার: টোকিও (জাপান), ২৫ মাঘ (৮ ফেব্রুয়ারি):
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ বিষয়ক একটি সহযোগিতা স্মারক গত ৬ ফেব্রুয়ারি টোকিওতে স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী এবং জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেন্তারো ডোয়ি নিজ নিজ সরকারের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন।
এই স্মারকটির লক্ষ্য হল পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র, যেমন: প্রশমন ও অভিযোজন, দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদিতে সহযোগিতা বৃদ্ধি করা। পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এই কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে।







