
চিফ রিপোর্টার:ঢাকা ২৮ জুলাই, ২০২৬
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ঐক্যে বিশ্বাসী। জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।
আজ জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে “ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম ছালিয়ে আসছিলো। জুলাই আন্দোলনে ছাত্রজনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলো। জুলাই আন্দোলনের সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আর কখনোই ফাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, পার্লামেন্টে এক আচরণ বাহিরে ভিন্নরূপ এই নীতি পরিহার করতে হবে। অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকারও আহ্বান করেন মন্ত্রী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন। সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।








