সেনা জোনের মানবিক সহায়তায় সফল চক্ষু 
নিজস্ব প্রতিবেদক:রাঙ্গামাটির জেলার সাজেক এলাকায় সেনা জোনের মানবিক সহায়তা ও উদ্যোগে চট্টগ্রামের লায়ন্স হসপিটালে চক্ষু চিকিৎসা ও অপারেশন সম্পন্ন করা ১৭ জন পাহাড়ি ও বাঙালি রোগী সফল চিকিৎসা শেষে সাজেকে ফিরে এসেছেন।
সাজেকের দুর্গম এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেনা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য সেনা জোনের নিজস্ব অর্থায়নে,চট্টগ্রামের লায়ন্স হসপিটালে গমনাগমন করা হয়।সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চক্ষু অপারেশন সম্পন্ন করা হয়।
চিকিৎসা শেষে রোগীরা সুস্থ ও নিরাপদে সাজেকে ফিরে আসেন। এ সময় রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহযোগিতা করায় সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাজেক সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।









