
সৈয়দ ওবাইদুর রহমান, স্টাফ রিপোর্টার,ঢাকা, ২৫ আগস্ট ২০২৬:
দেশে কেউ যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সে ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত সতর্ক ও সচেতন রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)’ আয়োজিত ‘স্বাস্থ্যখাতে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সেবা খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সন্তুষ্টি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সর্বোচ্চ মানের সেবা পাবে। তাই সংশ্লিষ্টদের সহযোগিতা করতে সরকার নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করছে।
পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা ছাড়া কোনো পেশা থেকেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়। সংগঠন ও পেশার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
স্বাস্থ্যসেবায় ওষুধের গুণগত মান বজায় রাখা এবং রোগীরা যাতে সঠিক ওষুধ পান তা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিপ্লোমা ফার্মাসিস্টদের পক্ষ থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবি উত্থাপন করা হলে মন্ত্রী বলেন, অন্যান্য সেবা ও পেশার মতো ফার্মাসিস্টদেরও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি সরকার বিবেচনা করবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
এছাড়া স্বাস্থ্যসহ অন্যান্য সকল খাতে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী।
অনুষ্ঠানে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।







