
কুড়িগ্রাম, ১৩ অগ্রহায়ণ (২৮ নভেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে তাদের বের করে আনতে খেলার মাঠ, শিশু পার্ক ও উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য আনন্দময় শৈশব নিশ্চিত করা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রাম জেলা পরিষদের এ উদ্যোগ শিশু-কিশোরদের বিনোদনের পাশাপাশি পরিবারগুলোর জন্যও একটি সুন্দর অবকাশযাপনের পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি প্রমুখ।
উদ্বোধন শেষে মন্ত্রী শিশু পার্কের বিভিন্ন স্থাপনা ও রাইড ঘুরে দেখেন।







